জনস্বাস্থ্য গবেষক ও এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদারের বাবা টি এম রহমাতুল্লাহ আর নেই। (ইন্না লিল্লাহি....রাজিউন)
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত কিছুদিন ধরে হৃদযন্ত্র ও ব্রেইনের স্ট্রোকে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টি এম রহমাতুল্লাহ। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৪০ সালের ৩১ ডিসেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন টি এম রহমাতুল্লাহ। শিক্ষাজীবনে করাচী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে কর্ম জীবনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিনি ২০ বছরের অধিক সময় ধরে কাজ করেছেন। এছাড়া তিনি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (অব.) হিসেবেও দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। বাংলাদেশের স্বাস্থ্য প্রশাসন খাতে তার অভূতপূর্ব অবদান ছিল। তিনি এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাকালীন সদস্য।